হামের প্রাদুর্ভাব, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক:

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বাড়তে থাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী, অবিলম্বে তা কার্যকর হবে।

 

অফিস আদেশে বলা হয়েছে, আপদকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শিশুদের মধ্যে হামজনিত জটিলতা বাড়তে থাকায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা সচল রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে টিকাদান কার্যক্রম জোরদারের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।