নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছেই। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (৪ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৫ শিশু। এর মধ্যে ৬৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চার মৃত্যুর মধ্যে একজন নিশ্চিত হাম আক্রান্ত ছিল। বাকি তিন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। মৃত শিশুদের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং তিনজন সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৫ জুন) সকাল পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৯১ শিশু।
একই সময়ে সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ৭৫ হাজার ৭০৮ শিশুর শরীরে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ৪৩ জন।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন এবং সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরও উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসাসেবা জোরদারের পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।











