নিজস্ব প্রতিবেদক:
দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নতুন করে ১১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। যদিও এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ৮৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১৪ জন। ফলে ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৬৫ জনে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৬২৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮০ হাজার ৯৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগ এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬২৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ৯৩ জন। অর্থাৎ এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে হাম পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।











