অনলাইন ডেস্ক:
ভারতের হায়দরাবাদ শহরের ঐতিহাসিক চারমিনার এলাকার কাছে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশু এবং ৫ নারী রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। গত রোববার সকাল সাড়ে ৬টার দিকে গুলজার হাউজ নামক ভবনে আগুন লেগে এ ভয়াবহ ঘটনা ঘটে। গয়নার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, যা দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের ওপরের অংশে।
দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঘিঞ্জি এলাকা এবং ধোঁয়ার কারণে উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ ছিল। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়, যেখানে ২০ জনের বেশি আহত হয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, নিহতদের বেশিরভাগই গুলজার হাউজের নিচতলায় থাকা দোকান থেকে বাস করতেন। তিনি আরও বলেন, দমকল বাহিনী যথাযথ সরঞ্জাম ছাড়া আসায় উদ্ধারকাজে সমস্যা হয়েছে এবং ভবিষ্যতে উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এদিকে, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেডিও গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ত্রাণ কার্যক্রম ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়।
এছাড়া, গুলজার হাউজ ঐতিহাসিক চারমিনারের খুব কাছেই অবস্থিত এবং সেখানে বহু গয়নার দোকান রয়েছে।











