অনলাইন ডেস্ক:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে এবং বাজারে তেলের দাম স্থিতিশীল হবে। তিনি আরও বলেন, তেলের সরবরাহের যে ঘাটতি তৈরি হয়েছে তা শীঘ্রই পূর্ণ হবে। গতকাল বুধবার সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, “রমজান সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল, চিনি বা অন্যান্য পণ্যের দাম অস্থিতিশীল হওয়ার কোনো সুযোগ নেই। এসব পণ্যের সংকটও আমরা দেখছি না।” তিনি আরও জানান, যদিও বর্তমানে তেলের সংকট চলছে, তবে এটি সাময়িক এবং দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠবে।
বাণিজ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, “আল্লাহর রহমতে অন্য কোন পণ্যে সংকট দেখছি না। ইনশাআল্লাহ, তেলের সমস্যাটা কিছু দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।” তেলের সঙ্গে অন্যান্য পণ্য বিক্রির বিষয়ে বিক্রেতাদের বাধ্য করার অভিযোগ সম্পর্কে তিনি জানান, “এ বিষয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে লোক পাঠিয়েছি। কিছু জায়গায় স্বীকৃতি এবং কিছু জায়গায় অস্বীকৃতি পেয়েছি। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবস্থা নেবে।”
এ সময় নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন।











