‘১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি মঙ্গলবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত মার্চ ফর ইউনিটি শীর্ষক সমাবেশে এ দাবি করেন।

আখতার হোসেন বলেন, “এ দেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায়, নতুন সংবিধান চায়, সংস্কার চায়।” তিনি আরো বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয়। এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, “অবিলম্বে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে।”

এসময় তিনি উল্লেখ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরাই নতুন সংবিধান প্রণয়ন করবেন এবং এটি হবে গণপরিষদ নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরা মানুষের চাওয়া-পাওয়া পূরণের দায়িত্ব পালন করবেন, এমনও জানান তিনি।

সমাবেশের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা মিছিল, ব্যানার, পতাকা, ফেস্টুন নিয়ে জড়ো হতে শুরু করেন। বিকেল ৩টার দিকে পূর্বাহ্নে ছাত্র আন্দোলন একটি তথ্যচিত্র প্রদর্শন করে, যা বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি নিয়ে ছিল। এরপর মঞ্চ থেকে স্লোগান ওঠে এবং বিকেল ৪টার দিকে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শহীদ পরিবারের একজন সদস্য বক্তব্য রাখেন।