১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ দিয়ে শুরু বিজয়ের মাসের কর্মসূচি: বিএনপি
অনলাইন ডেস্ক:
বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির সূচনা হবে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মধ্য দিয়ে। বেলা ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, মহাসমাবেশে জাসাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। বিজয়ের মাসের বাকি দিনগুলোতেও ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।
এর আগে বেলা ১১টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, আমানউল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন জেলার নেতা, সংসদ সদস্য ও প্রার্থীরা সভায় অংশ নেন।
সভায় মহাসমাবেশ সফল করার প্রস্তুতি ও সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
