নিজস্ব প্রতিবেদক:
দেশে হঠাৎ করেই হাম রোগ উদ্বেগ জাগিয়েছে। প্রতিদিনই ঝরছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে হাসপাতালেও ভিড় জমাচ্ছে নতুন রোগী। সবশেষ পাওয়া তথ্যনুযায়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৫৯ জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৩৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৮ জনের মৃত্যু হলো। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৮৫ জন।১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৮০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জন।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৪ হাজার ১০৬ জন।











