২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালালে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাসাবাড়ি, মার্কেট, মসজিদসহ সরকারি-বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালানো হলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

উপদেষ্টা জানান, “আমরা জেলা প্রশাসকদের কাছে আমাদের সম্পদের সীমাবদ্ধতার কথা তুলে ধরেছি। অন্তর্বর্তী সরকার একটি খাদের ভেতরে অর্থনীতি পেয়েছে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালে ৪২ বিলিয়ন ডলার ছিল, যা এখন ২০ বিলিয়ন ডলারে চলে এসেছে। অর্থ পাচারের কারণে জ্বালানি বা বিদ্যুতের মূল্য পরিশোধে সমস্যা হয়েছে।”

উপদেষ্টা বলেন, “আমরা রমজান মাসে বিদ্যুতের সরবরাহ সম্পূর্ণ আয়োজন করেছি এবং আশা করছি, রমজান ও গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম হব।” তিনি উল্লেখ করেন, শীত মৌসুমের তুলনায় গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা দ্বিগুণের বেশি থাকে, বিশেষ করে সেচের কারণে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত লাগে।

বিদ্যুৎ উপদেষ্টা আরও জানান, দেশের সব স্থানে এসি ব্যবহার বেড়ে যাওয়ায় অতিরিক্ত ৫-৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। তিনি বলেন, “২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় এসি চালালে ২-৩ হাজার মেগাওয়াট সাশ্রয় করা যাবে।”

উপদেষ্টা নিশ্চিত করেন, শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারে কোনো বিধি নিষেধ নেই, তবে তা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় রাখতে হবে। এসি তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য সচিবালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হবে বলে তিনি জানান।

এছাড়া, বিদ্যুৎ-ব্যবস্থা সঠিকভাবে মনিটর করার জন্য পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং ডিস্ট্রিবিউশন কোম্পানির একাধিক মনিটরিং টিম রাখা হবে এবং নিয়ম মানা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।