নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসক সংকট মোকাবেলায় সরকার পরিচালিত ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২০ জুলাই) রাতে প্রকাশিত এই ফলাফলে লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী।
এর মধ্যে সহকারী সার্জন পদে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
গত ১৮ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত এই বিশেষ বিসিএস পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ২৫ জন চিকিৎসক প্রার্থী। সরকারি রোডম্যাপ অনুযায়ী, এই বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন এবং ৩০০ জনকে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানান, “রোডম্যাপ অনুযায়ী সোমবার (২১ জুলাই) মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও প্রস্তুতি শেষ হওয়ায় আগেভাগেই ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে।”
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা ফলাফল পিএসসির ওয়েবসাইট থেকে দেখতে ও ডাউনলোড করতে পারবেন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যৌক্তিক কারণে ফলাফলে সংশোধনী আনার অধিকার সংরক্ষিত থাকবে।
চিকিৎসক নিয়োগকে স্বাস্থ্য খাতে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে তাঁদের আশঙ্কা, মাঠপর্যায়ে চিকিৎসকদের দ্রুত নিয়োগ নিশ্চিত করতে যেন প্রশাসনিক দীর্ঘসূত্রতা না ঘটে, সে বিষয়ে সরকারকে নজর দিতে হবে।










