৪ জুন মুক্তি পাচ্ছে রাম চরণের ‘পেদ্দি’

অনলাইন ডেস্ক:

দক্ষিণী মেগাস্টার রাম চরণ তার পরবর্তী প্রজেক্ট নিয়ে বড় ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে তিনি ভক্তদের জানান, তার নতুন সিনেমা ‘পেদ্দি’ আগামী ৪ জুন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। বুচি বাবু সানার রচনা ও পরিচালনায় ‘পেদ্দি’ মূলত একটি স্পোর্টস ড্রামা, যার পটভূমি তৈরি হয়েছে গ্রাম বাংলার আবহকে কেন্দ্র করে। একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে খেলাধুলার পাশাপাশি অ্যাকশন এবং আবেগঘন গল্পের এক দারুণ সংমিশ্রণ দেখা যাবে। এই চরিত্রের জন্য রাম চরণ নিজের শারীরিক গঠনে আমূল পরিবর্তন এনেছেন। তাকে এখানে লম্বা চুল, ঘন দাড়ি এবং মাসকুলার লুকে দেখা যাবে, যা গ্রামীণ এই চরিত্রের সঙ্গে মানানসই। সিনেমাটিতে রাম চরণের পাশাপাশি একঝাঁক তারকাকে দেখা যাবে। এর মধ্যে রয়েছে জাহ্নবী কাপুর, শিব রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান। বৃদ্ধিম সিনেমাস-এর ব্যানারে ভেঙ্কট সতীশ কিলারু এটি প্রযোজনা করছেন। আগামী ৪ জুন মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে রাম চরণের নতুন অবতার এবং এ আর রহমানের মিউজিকের কারণে।