৫০ হাজার টাকায় বিক্রি হল রাজবাড়ীর’র সেই বিশাল বোয়াল

জেলা প্রতিনিধি :

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার কুশাহাটা গ্রামের পদ্মা নদী থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল বোয়াল মাছ ধরা পড়েছে। এই মাছটি সোমবার (২২ ডিসেম্বর) কালাম সরদারের জালে ধরা পড়ে।

পাবনার ঢালার চর এলাকার বাসিন্দা কালাম সরদার রবিবার রাতে পদ্মা নদীতে জাল ফেলেছিলেন। পরদিন তার জালে ধরা পড়ে মাছটি, যা তিনি বিক্রির জন্য স্থানীয় আড়তদার কেছমত মোল্লার কাছে নিয়ে যান। সেখানে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা ৪৯ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন, যা কেজি প্রতি ২ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়।

চান্দু মোল্লা জানান, এই মাছটির বিক্রি নিয়ে তিনি ঢাকার পরিচিত ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন। ঢাকার এক বড় ব্যবসায়ী ভিডিও কলে মাছটি দেখে একে ৫০ টাকা কেজি বেশি লাভে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৭০০ টাকায় কিনে নেন। ইতোমধ্যে মাছটি ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, সম্প্রতি পদ্মা নদীতে মাছের সরবরাহ অনেক কমে গেছে। স্থানীয়দের পাশাপাশি মানিকগঞ্জ, সিরাজগঞ্জ এবং পাবনা অঞ্চলের জেলেরা মাছ শিকার করলেও, মাছের দেখা তেমন মেলে না। অনেকেই এই পরিস্থিতিতে হাজারি বরশি দিয়ে মাছ ধরছেন।

এদিকে, চান্দু মোল্লা জানান, এই মৌসুমে এত বড় বোয়াল মাছ পাওয়া বা বিক্রি হওয়া ছিল অত্যন্ত বিরল ঘটনা।