নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার চলতি অর্থবছরের তুলনায় ছোট হতে পারে। মূলত সরকারের আয় কম, শুল্ক-কর আদায়ে ঘাটতি এবং বিদেশি ঋণ পরিশোধে বিপুল অর্থ ব্যয়ের কারণে বাজেটের আকার বাড়ানোর সুযোগ থাকছে না। পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও কমবে এবং নতুন কোনো বড় প্রকল্প গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চলমান বড় প্রকল্পগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে।
চলতি অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা সংশোধন করে ৭.৫ লাখ কোটি টাকার মধ্যে সীমিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন বাজেটে গ্রামীণ অবকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের ভাতা কিছুটা বাড়ানো হতে পারে এবং শিক্ষকদের দাবি পূরণের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। যদিও বাজেটের আকার বাড়বে না, তবুও বেতন-ভাতা, সুদাসল এবং দেশি-বিদেশি ঋণ পরিশোধে ব্যয় কিছুটা বাড়বে।
জাতীয় সংসদ না থাকায় এবারের বাজেট প্রচলিত নিয়মে সংসদে উপস্থাপন করা হবে না। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ টেলিভিশনের পর্দায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে বাজেট ঘোষণা করবেন। ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ও একইভাবে বাজেট উপস্থাপন করা হয়েছিল।
রাজস্ব ঘাটতি এবারের বাজেট সংকোচনের অন্যতম কারণ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের বাজেটে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, যা পরে কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। এর মধ্যেও প্রথম সাত মাসে প্রায় ৫১ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা গেছে। ফলে বাজেটের আকার বাড়ানো সম্ভব হচ্ছে না।
এদিকে নতুন বাজেটে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশে এক বছরেরও বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিদ্যমান, যদিও সাম্প্রতিক মাসে এটি ১০ শতাংশের নিচে নেমেছে। বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে রাখা হবে এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৫ শতাংশ নির্ধারণ করা হবে।
স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হলেও উন্নয়ন ব্যয় তুলনামূলক কম রাখা হবে। অর্থ উপদেষ্টার মতে, বাজেট সংকোচনের এই নীতির মাধ্যমে সরকার টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকে এগিয়ে যেতে চায়।











