নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মধ্যরাতে মিছিল করেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ২টায়, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং প্রধান উপদেষ্টা কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন, যা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে মল চত্বর, ভিসি চত্বর হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। পরে রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বলেন, “দেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না ছাত্রসমাজ। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া মানে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা।” তারা প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানান এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।
মিছিলে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম বলেন, “আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রে যারা সহায়তা দেবে, তারা যেই হোক না কেন, ছাত্রসমাজ রুখে দাঁড়াবে।”
আরেক শিক্ষার্থী তাবাসসুম বলেন, “আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। দেড় হাজার মানুষ হত্যার পর তারা ক্ষমা চায়নি। এখন নির্বাচনে তাদের অন্তর্ভুক্ত করার নানা চেষ্টার মধ্যে পড়েছে। বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।”
বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, “যতদিন পর্যন্ত নতুন বাংলাদেশ তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। জুলাই-আগস্ট গণহত্যার বিচার হতেই হবে এবং গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে।”
এ সময় শিক্ষার্থীরা শুক্রবার (২২ মার্চ) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি বিক্ষোভের ঘোষণা দেন এবং সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের আহ্বান জানান।










