মার্কিন সামাজিক নিরাপত্তা সংস্থা বন্ধের সিদ্ধান্ত স্থগিত

অনলাইন ডেস্ক:

মার্কিন সামাজিক নিরাপত্তা প্রশাসন বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে সংস্থাটির প্রধান লিল্যান্ড ডুডেক। আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করায় তিনি প্রথমে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। তবে আদালত পক্ষ থেকে সঠিক ব্যাখ্যা দেওয়ার পর তিনি নিশ্চিত করেছেন, সংস্থাটি বন্ধ হবে না। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি ব্যয় কমানোর জন্য কাজ শুরু করেন এবং এ জন্য ধনকুবের ইলন মাস্ককে সহায়তা করতে বলেন। তাদের দাবি, সামাজিক নিরাপত্তা কার্যক্রমে ব্যাপক জালিয়াতি হচ্ছে। তাই, মাস্কের নেতৃত্বাধীন সরকারি সক্ষমতা বিভাগকে (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) সামাজিক নিরাপত্তা সংস্থার তথ্যভাণ্ডারে স্বাধীন প্রবেশাধিকার দেওয়া প্রয়োজন।

তবে গত বৃহস্পতিবার মার্কিন জেলা বিচারক এলেন লিপটন হল্যান্ডার রায় দেন, যে মাস্কের কর্মীরা ব্যক্তিগত তথ্যে অবাধ প্রবেশাধিকার পাবেন না। তিনি নির্দেশ দেন, ডুডেক এবং মাস্কের সংস্থার মধ্যে বিস্তারিত তথ্য শেয়ার করা যাবে না, কারণ এতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হতে পারে।

এ পরিস্থিতিতে ডুডেক জানান, তার সংস্থার কর্মীদেরও তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার সীমিত হয়ে যেতে পারে, যা কার্যত সংস্থার কার্যক্রম বন্ধ করে দিতে পারে। তবে শুক্রবার বিচারক হল্যান্ডার তার এই বক্তব্য খারিজ করে দেন। তিনি বলেন, তার রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, নাগরিকের নাম ও সামাজিক নিরাপত্তা নম্বর মুছে ফেলা হয়েছে এমন নথিতে মাস্কের কর্মীরা প্রবেশাধিকার পাবেন। একইসঙ্গে, ডুডেকের সংস্থার কর্মীরা যেকোনো নথিতে পূর্ণ প্রবেশাধিকার পাবেন।

এদিকে, সামাজিক নিরাপত্তা সংস্থার কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়েছে যুক্তরাষ্ট্রের প্রবীণ জনগণ। সামাজিক নিরাপত্তা সংস্থা দেশটির লাখ লাখ বৃদ্ধ ও চলাচলে অক্ষম ব্যক্তির সহায়তা প্রদান করে। নিউ ইয়র্কের একটি পার্কিং লটে স্থানীয় সামাজিক নিরাপত্তা কার্যালয়ের কার্যক্রম বন্ধ হওয়ার প্রতিবাদে শতাধিক ব্যক্তি বিক্ষোভ করেছেন। বিক্ষোভে অংশগ্রহণ করেন অবসরপ্রাপ্ত মার্কিনিরা, শ্রমিক ইউনিয়ন সদস্যরা এবং ওই এলাকার কংগ্রেস প্রতিনিধি জর্জ ল্যাটিমার।