ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

প্রকাশিত: 25 March 2025, 12:40 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি :

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পাঁচ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সোমবার (২৪ মার্চ) বিকালে তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, “তারা কোনো অভিযানে যায়নি এবং কাউকে কিছু না জানিয়ে নিজেরাই বগুড়া গিয়েছিলেন। সেখানে তারা আটক হয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকালে আমি তাদের সাময়িক বরখাস্ত করেছি। এখন তদন্ত হবে, পরে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন আরএমপির গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম এবং বাশির আলী। এছাড়া, তাদের সঙ্গে থাকা মাইক্রোবাসচালক মেহেদী হাসানকেও আটক করা হয়েছে।

নগর ডিবি পুলিশের পরিদর্শক ইব্রাহিম খলিল বলেন, “ওই পাঁচ পুলিশ সদস্য আরএমপির ডিবিতে কর্মরত ছিলেন। গত রাতে আমি অফিসে ছিলাম, কিন্তু তারা আমাকে কিছু না জানিয়েই বগুড়া চলে গেছে। কেন গিয়েছে, তা তারা ভালো বলতে পারবে।”

জানা যায়, রবিবার দিবাগত রাতে বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকা থেকে ওই পাঁচ পুলিশ সদস্য ও তাদের মাইক্রোবাসচালককে আটক করে। তাদের কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও পুলিশের একটি ওয়াকিটকি জব্দ করা হয়।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা জানান, অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য রবিবার ধুনট উপজেলায় গিয়ে দুই ব্যক্তিকে জুয়া খেলার অভিযোগে আটক করেন। এরপর তারা শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় গিয়ে ওই দুই ব্যক্তির কাছ থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দর-কষাকষির পর তারা ২ লাখ টাকা নগদ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা আদায় করে ছেড়ে দেন।

বগুড়া জেলা পুলিশ বিষয়টি জানতে পেরে শেরপুর ও শাজাহানপুর থানার সহযোগিতায় মাইক্রোবাসটি আটক করার চেষ্টা করে। পরবর্তীতে হাইওয়ে পুলিশের সহায়তায় শাজাহানপুর থানার বীরগ্রাম এলাকায় গাড়িটি আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তদের তথ্যদাতা হিসেবে কাজ করেছেন আরএমপির গোয়েন্দা শাখায় কর্মরত আবদুল ওয়াহাব নামে এক পুলিশ সদস্য। তিনি ছুটি নিয়ে দুই দিন আগে বগুড়ার ধুনটে নিজ গ্রামে যান। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই পাঁচজন সেখানে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন