মোংলা বন্দরে একসঙ্গে ভিড়েছে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ

নিজস্ব প্রতিবেদক:

মোংলা বন্দর জেটিতে একদিনে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে, যা বন্দরের চ্যানেলের ড্রেজিংয়ের সফল ফল হিসেবে দেখা হচ্ছে। সোমবার (২৪ মার্চ) দুপুরের পর এই চারটি জাহাজ বন্দরের বিভিন্ন জেটিতে নোঙ্গর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পানামার পতাকাবাহী এম ভি জুপিটার জাহাজ ৪ হাজার ৮৩ টন মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৫ নম্বর জেটিতে, সাউথ কোরিয়ার পতাকাবাহী এম ভি মেরিগোল্ড ৫ হাজার টন চিটাগুড় নিয়ে ৬ নম্বর জেটিতে, হংকংয়ের পতাকাবাহী এম ভি হ্যান হুই ১ হাজার ৯৭০ দশমিক ৪১০ টন স্টিলের পাইপ পণ্য নিয়ে ৭ নম্বর জেটিতে এবং বারবাডোসের পতাকাবাহী এম ভি আনকা ব্লু ১ হাজার ৭৬৯ দশমিক ০৬৯ মেট্রিক টন মেশিনারিজ নিয়ে ৮ নম্বর জেটিতে ভিড়েছে। এভাবে একসঙ্গে ভিড়েছে মোট ১২ হাজার ৮২২ দশমিক ৪৭৯ টন মালামাল।

তিনি আরও জানান, বর্তমানে মোংলা বন্দরের পোর্ট গ্রাইন্ড, হারবারিয়া ও গ্যাস কোম্পানির পয়েন্টে মোট ১৪টি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাসের জন্য অবস্থান করছে। এ সমস্ত জাহাজে বিভিন্ন ধরনের মেশিনারিজ, চিটাগুড়, স্টিলের পাইপ, চাল, কয়লা, ক্লিংকার ও সার রয়েছে।

বন্দরের উপসচিব আরও জানান, মোংলা বন্দরের বহিঃনোঙ্গরে বঙ্গোপসাগর মোহনা আউটার বার ড্রেজিং সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ইনার বার ড্রেজিং চলছে। চ্যানেলের গভীরতা বৃদ্ধি পাওয়ার ফলে বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো সরাসরি বন্দরের জেটিতে এসে ভিড়তে পারছে, যা বন্দরের উন্নয়ন এবং কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য।