ইসরায়েলি হামলায় গাজায় ২০ দিনে ৪৯০ শিশু নিহত

অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২০ দিনে ৪৯০ শিশু নিহত হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, গাজার মিডিয়া অফিসের বরাতে, এই হামলায় মোট ১ হাজার ৩৫০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে শিশুদের সংখ্যা প্রায় ৫০০।

গাজার মিডিয়া অফিস এই হত্যাযজ্ঞকে “আধুনিক যুগের অন্যতম ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ” হিসেবে আখ্যা দিয়েছে। তারা আরও দাবি করেছে, ইসরায়েল পরিকল্পিতভাবে শিশুদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল পুনরায় হামলা চালানোর পর গাজায় প্রতিদিন গড়ে ১০০ ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছে। ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজ্জারিনি এক বিবৃতিতে বলেছেন, “যুদ্ধ গাজাকে শিশুদের জন্য বসবাসের অযোগ্য করে তুলেছে এবং কোনো কিছুই শিশু হত্যাকে ন্যায্যতা দেয় না।”

লাজ্জারিনি বলেন, “১৫ হাজারের বেশি শিশু গত দেড় বছরে নিহত হয়েছে, এবং যুদ্ধ তাদের শৈশব কেড়ে নিয়েছে।” তিনি জানান, বছর শুরুতে একটি অস্থায়ী যুদ্ধবিরতি গাজার শিশুদের কিছুটা বেঁচে থাকার সুযোগ দিয়েছিল, কিন্তু যুদ্ধ পুনরায় শুরুর পর তারা আবার সেই সুযোগ হারিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত রবিবার ঘোষণা দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিকল্পনা বাস্তবায়ন করতে গাজার ওপর হামলা আরও বাড়ানো হবে। ২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৫০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।