গাজায় ইসরায়েলের বিমান হামলায় ৩৬ নারী ও শিশু নিহত: জাতিসংঘ

অনলাইন ডেস্ক:

গাজায় ইসরায়েলের চলমান সামরিক আক্রমণের ফলে কমপক্ষে ৩৬টি বিমান হামলায় কেবল নারী ও শিশু নিহত হয়েছে, এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ। এই হামলা মার্চের মাঝামাঝি থেকে ৯ এপ্রিল পর্যন্ত সংঘটিত হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

শামদাসানি জানান, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় ২২৪টি ইসরায়েলি হামলা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৩৬টি বিমান হামলায় শুধু নারী ও শিশুদের প্রাণহানি হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণে এক হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলার পর থেকে গাজার পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানবিক সহায়তা না পাওয়ায় খাদ্য, পানি ও ওষুধের চরম সংকট সৃষ্টি হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এক মাসেরও বেশি সময় ধরে গাজায় কোনো সাহায্য আসেনি। খাবার, ওষুধ, জ্বালানি সব কিছুই নেই। পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে এবং গাজা হত্যাযজ্ঞের ভূমিতে পরিণত হয়েছে।”

গত শুক্রবার ভোরে গাজার দক্ষিণ অংশে খান ইউনিসে একটি বাড়িতে বিমান হামলায় সাত শিশুসহ একই পরিবারের ১০ জন নিহত হয়েছে। এই হামলার ফলে গাজার মানুষের দুর্দশা আরও বাড়ে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর থেকে গাজাজুড়ে প্রায় চার লাখ ফিলিস্তিনি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।

তথ্যসূত্র: আলজাজিরা