অনলাইন ডেস্ক:
চীনে নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু, যা নতুন এক মাইলফলক হিসেবে পরিচিত হতে চলেছে। গুইঝো প্রদেশের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় নির্মিত এই সেতুটি উদ্বোধন হতে চলেছে জুন মাসে। সেতুটির মাধ্যমে ভ্রমণের সময় এক ঘণ্টা থেকে মাত্র এক মিনিটে কমিয়ে আনা সম্ভব হবে, যা এটি বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বিস্ময়কর সেতু হিসেবে প্রতিষ্ঠিত করবে।
এই সেতুর নির্মাণ ব্যয় হয়েছে ২১৬ মিলিয়ন পাউন্ড। সেতুটি ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়ে ২০০ মিটার বেশি উঁচু, এবং গুইঝোর বিশাল গিরিখাতজুড়ে দুই মাইল বিস্তৃত। সেতুটির স্টিলের ট্রাসগুলোর ওজন প্রায় ২২ হাজার মেট্রিক টন, যা তিনটি আইফেল টাওয়ারের সমান। সেতুটির অংশগুলো মাত্র দুই মাসের মধ্যে স্থাপন করা হয়েছে।
নতুন এই সেতুটি শুধু পরিবহন সংযোগের দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি একটি প্রধান পর্যটন আকর্ষণ হিসেবেও কাজ করবে। চীনা রাজনীতিবিদ ঝাং শেংলিনের মতে, এই সেতু চীনের প্রকৌশলগত সক্ষমতা প্রদর্শন করবে এবং গুইঝোকে একটি বিশ্বমানের পর্যটনকেন্দ্রে পরিণত করতে সহায়তা করবে।
সেতুটিতে বসবাসের স্থান, কাচের হাঁটার পথ এবং বিশ্বের ‘সর্বোচ্চ বাঞ্জি জাম্প’ করার মতো অভিজ্ঞতার পরিকল্পনা ইতোমধ্যেই উন্মোচিত হয়েছে। এটি পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতার সুযোগ সৃষ্টি করবে।
এর আগে ২০১৬ সালে চীনে সর্বোচ্চ সেতু বেইপানজিয়াংয়ে নির্মিত হয়েছিল, যার উচ্চতা ছিল ১,৮৫৪ ফুট। তবে, নতুন এই সেতুটি তার চেয়ে অনেক উঁচু, এবং বিশ্বের শীর্ষস্থানে স্থান লাভ করেছে।
চীনের যে অঞ্চলে এই সেতুটি নির্মিত হচ্ছে, সেখানে বিশ্বের ১০০টি উঁচু সেতুর প্রায় অর্ধেকই রয়েছে, যা গ্রামীণ সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।











