অর্ধশতকের স্বপ্ন ভাঙল বিজয়ের, ক্যারিয়ারসেরা ইনিংসেও হতাশ

অনলাইন ডেস্ক:

৩৯ রানে থেমে গেল এনামুল হক বিজয়ের অর্ধশতকের স্বপ্ন। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়ার সুযোগ তৈরি করেও ব্যর্থ হলেন এই ডানহাতি ওপেনার। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ৮০ বল মোকাবেলা করে ব্লেসিং মুজারাবানির এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান বিজয়। রিভিউ নিয়েও রক্ষা পাননি, শেষ পর্যন্ত হতাশ মুখেই মাঠ ছাড়তে হয় তাকে।

তবে এটিই বিজয়ের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার সর্বোচ্চ ছিল ২৩ রান। সেই ইনিংসের পরই টেস্ট দল থেকে বাদ পড়েন তিনি। তিন বছরের দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলের লাল বলের ফরম্যাটে ফেরেন বিজয়। প্রত্যাবর্তনের ম্যাচে নতুন করে আশার সঞ্চার করেছিলেন, কিন্তু অর্ধশতক না পাওয়ার আক্ষেপ থেকেই গেল।

২০১৩ সালে টেস্ট অভিষেক হলেও এনামুল হক বিজয়ের এটি মাত্র ষষ্ঠ টেস্ট ম্যাচ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর চট্টগ্রাম টেস্টে খেলতে নামেন গত সোমবার, যদিও বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করায় সেদিন ব্যাট করার সুযোগ পাননি।

দ্বিতীয় দিনে সাদমান ইসলামের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১১৮ রানের শক্ত ভিত গড়ে দেন বিজয়। সাবলীল ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাকে। কিন্তু ফিফটির পথে ছিলেন ঠিক, পথেই হোঁচট।

শেষ পর্যন্ত ৩৯ রানের ইনিংস নিয়ে মাঠ ছাড়েন, কিন্তু তার প্রত্যাবর্তনের গল্পটা অপূর্ণই থেকে গেল—একটি অর্ধশতকের আক্ষেপ নিয়ে।