রিশাদ হোসেনের প্রশংসায় ফখর জামান

অনলাইন ডেস্ক:

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো খেলেই নজর কেড়েছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে শুধু ভক্তদের নয়, জয় করছেন সতীর্থদের মনও। চার ম্যাচে ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত প্রতিযোগিতার শীর্ষ উইকেটশিকারীদের মধ্যে রয়েছেন তিনি। রিশাদের এমন পারফরম্যান্সে এবার মুখ খুলেছেন লাহোরের পাকিস্তানি ওপেনার ফখর জামান।

নেটে খেলে মুগ্ধ ফখর, বললেন ‘উজ্জ্বল ভবিষ্যৎ’
রিশাদকে নিয়ে গণমাধ্যমে ফখর বলেন,

“রিশাদ অসাধারণ প্রতিভা। আমি তাকে নেটে খেলেছি—সে খুব ভালো বোলিং করে। সবাই তার প্রশংসা করে। সে ব্যাটও করতে পারে। আমার বিশ্বাস, তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল।”

একই দলের সদস্য হিসেবে রিশাদকে নিয়মিতই নেটে খেলতে হয় ফখর জামানের বিপক্ষে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি জানিয়েছেন, তরুণ এই লেগস্পিনারের মাঝে আন্তর্জাতিক মানের সম্ভাবনা স্পষ্ট।

সর্বশেষ ম্যাচে রিশাদ একাদশের বাইরে থাকায় অনেকেই অবাক হয়েছেন। এই বিষয়ে প্রশ্ন করা হলে ফখর বলেন,

“গত ম্যাচের উইকেট ছিল ব্যাটিং সহায়ক, ফলে আমাদের বাড়তি ব্যাটার দরকার ছিল। কন্ডিশনের কারণেই রিশাদকে বাইরে রাখতে হয়েছে।”

প্রক্রিয়ায় বিশ্বাস, চাপ তৈরির পরিকল্পনায় লাহোর
দল নিয়ে ফখর আরও বলেন,

“ক্রিকেটে জয়-পরাজয় থাকবেই। তবে আমরা যে প্রক্রিয়ায় এগোচ্ছি, তাতে আমি খুশি। প্রক্রিয়ায় টিকে থাকলে ফলাফল আসবেই। আর তাতে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা সম্ভব হবে।”

ঘরোয়া ক্রিকেটে আরও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির কথা জানিয়ে ফখর বলেন,

“পাকিস্তানে যদি ঘাসের উইকেট বানানো হয়, তাহলে আমাদের ক্রিকেট আরও উন্নতি করবে। কখনও কখনও বল বাউন্স পায় না, কিন্তু ম্যাচে ১৭০-১৮০ রান হচ্ছে। পেসাররা কন্ডিশন বুঝে ভালো করছে, আশা করি সামনেও ভালো করবে।”

৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে লাহোর কালান্দার্স। পরবর্তী ম্যাচ ৩০ এপ্রিল, প্রতিপক্ষ শীর্ষে থাকা ইসলামাবাদ ইউনাইটেড।