যুদ্ধবিরতির মাঝেও কঠোর জবাব মোদির

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও, রোববার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে পাকিস্তানের ‘প্রতিটি পদক্ষেপে আরও জোরালো প্রতিক্রিয়ার’ নির্দেশ দিয়েছেন।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী মোদি সেনাবাহিনীকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা।” অর্থাৎ, ওদিক থেকে যদি গুলি চলে, তবে এদিক থেকে ছোড়া হবে কামানের গোলা।

মোদি এ নির্দেশনা দেন এমন সময়, যখন ভারতের বিমানঘাঁটিতে পাকিস্তানের চালানো হামলার প্রতিক্রিয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভারতের সরকারি সূত্র জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ এখনও চলমান এবং পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক পদক্ষেপ এখন থেকে ‘নতুন মাত্রা’ পাবে।

কাশ্মির ইস্যুতেও ভারতের অবস্থান আগের মতোই কঠোর—যেখানে ভারত মধ্যস্থতার কোনও সুযোগ রাখছে না। বরং, পাকিস্তান অধিকৃত কাশ্মিরই একমাত্র আলোচ্য বিষয় হতে পারে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেও মোদির এই বক্তব্য ভারতীয় প্রতিরক্ষা কৌশলে এক মোড় ঘোরানো বার্তা বহন করছে।