বন্দি বাবার কলমে সন্তানের উদ্দেশ্যে হৃদয়বিদারক চিঠি

অনলাইন ডেস্ক:

প্রথম সন্তানের জন্মের ঐতিহাসিক মুহূর্তে পাশে থাকতে পারেননি মাহমুদ খলিল। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি অভিবাসন বন্দিশিবির থেকে নিজের সদ্যজাত সন্তান ‘দীন’-এর উদ্দেশ্যে হৃদয় ছুঁয়ে যাওয়া এক চিঠি লিখেছেন ফিলিস্তিনি ছাত্র ও মানবাধিকারকর্মী মাহমুদ।

চিঠিটি রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত হয়েছে।

মাহমুদের কথায়, “আমি যখন ভাবি, তোমাকে প্রথমবার কোলে নিতে পারিনি, তোমার প্রথম কান্না শুনতে পারিনি… তখন আমার হৃদয় ব্যথিত হয়ে ওঠে।”

তিনি বলেন, তাঁর এই যন্ত্রণা কেবল ব্যক্তিগত নয়, বরং বহু ফিলিস্তিনি পিতার শোকের প্রতিফলন। “বর্ণবাদী শাসন ও দূরবর্তী কারাগারে বন্দি হয়ে আমিও অন্যান্য ফিলিস্তিনি পিতাদের মতো তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছি।”

গত মার্চে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের জেরে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি লুইজিয়ানার জেনা শহরের একটি অভিবাসী আটককেন্দ্রে আছেন।

মাহমুদ নিজেকে একজন রাজনৈতিক বন্দি হিসেবে বর্ণনা করে লিখেছেন, “ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি অটল সমর্থনের কারণেই আমি বন্দি।”

চিঠিতে সন্তানের উদ্দেশে তিনি বলেন, “একদিন হয়তো তুমি জানতে চাইবে কেন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য মানুষকে শাস্তি পেতে হয়। আমি আশা করি, আমাদের গল্প তোমাকে শেখাবে—এই পৃথিবীর দরকার আরও সাহসী মানুষ। এমন মানুষ, যারা সুবিধা নয়, বরং ন্যায়ের পক্ষে দাঁড়ান।”

মাহমুদ খলিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স-এর ছাত্র এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অধিকার (গ্রিনকার্ড) থাকলেও, গ্রেপ্তারের পর তাঁর সেই অধিকার বাতিল করে মার্কিন কর্তৃপক্ষ।

এই ঘটনা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে যুদ্ধবিরোধী আন্দোলনের স্বাধীনতা, রাজনৈতিক দমন এবং ফিলিস্তিনি অভিবাসীদের অধিকার নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।