সুমিতে যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৯

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের বিলোপিলিয়া শহরে একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ১৭ মিনিটে এই হামলা চালানো হয়।

বাসটি আঞ্চলিক রাজধানী সুমি শহরের দিকে যাচ্ছিল, যা রুশ সীমান্ত থেকে খুব কাছাকাছি অবস্থিত। ইউক্রেনের পুলিশ হামলাকে ‘নৃশংস যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। সুমি অঞ্চলের প্রশাসনিক প্রধান ওলেহ হ্রিহোরভ জানিয়েছেন, একটি রুশ ল্যানসেট ড্রোন সরাসরি বাসটিকে লক্ষ্য করে হামলা চালায়। তিনি এই আক্রমণকে ‘অমানবিক’ বলে তীব্র নিন্দা জানান।

রাশিয়ার পক্ষ থেকে এখনো এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না আসলেও, তারা দাবি করেছে যে তারা সুমিতে একটি ‘সামরিক সরঞ্জাম মজুত রাখার স্থানে’ আঘাত হেনেছে।

এই ড্রোন হামলার ঘটনা ঘটে ঠিক একদিন পর যখন তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। যদিও আলোচনায় বড় কোনো অগ্রগতি হয়নি, তবে দুই দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে। এর পর থেকে চলমান যুদ্ধের ফলে হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, এবং মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে।