অনলাইন ডেস্ক:
গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে গত ২ দিনে অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে ওই অঞ্চল থেকে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর।
রবিবার (১৮ মে) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। এর আগে, শনিবার গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, “ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজার গভর্নরেটেই গত দুই দিনে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ড গণহত্যারই অংশ।”
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলের এক হাজারেরও বেশি ঘরবাড়ি পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। গাজা শহরে ঠেলে দেওয়া হয়েছে অন্তত ৩ লাখ মানুষকে, যেখানে তাদের জন্য পর্যাপ্ত আশ্রয়, খাদ্য, পানি বা স্বাস্থ্যসেবা ব্যবস্থা নেই।
আরও উদ্বেগজনকভাবে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিচ্ছে। ফলে অন্তত ১৪০ জনের মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। গাজার মিডিয়া অফিস বলছে, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন।
এছাড়া জাবালিয়া, তেল আল-জাতার, বাইত লাহিয়া শহর ও আশপাশের এলাকাগুলোর শরণার্থী শিবিরে স্থাপন করা শত শত তাঁবুতে আগুন দিয়েছে ইসরায়েলি ড্রোন। এতে আরও অনেক নারী, শিশু ও বৃদ্ধ চরম অনিশ্চয়তায় পড়েছেন।
গাজার মিডিয়া অফিসের অভিযোগ, আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘নীরবতা ও নির্লজ্জ সহযোগিতা’ এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।











