ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ, প্রযুক্তিগত ত্রুটির কারণে কক্ষপথে পৌঁছাতে পারেনি স্যাটেলাইট

অনলাইন ডেস্ক:

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে নতুন একটি ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করেছিল, তবে সেটি ব্যর্থ হয়েছে। গত রোববার সকালে ভারতের মহাকাশ সংস্থা এক বিবৃতিতে জানায়, শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেট উৎক্ষেপণের পর প্রথম এবং দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে একটি প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়।

উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই ত্রুটিটি ধরা পড়ে এবং স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়। এটি ছিল শ্রীহরিকোটা থেকে ইসরোর ১০১তম উৎক্ষেপণ মিশন। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়ে দেন, এই ত্রুটির কারণ ছিল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি)-এর চেম্বারের চাপ কমে যাওয়া। তিনি আরও বলেন, “আমরা শ্রীহরিকোটা থেকে আমাদের ১০১তম উৎক্ষেপণ সম্পন্ন করার চেষ্টা করছিলাম, তবে প্রথম দুটি ধাপ সফল হলেও তৃতীয় ধাপে সমস্যার কারণে স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছাতে পারেনি।”

পিএসএলভি রকেট উৎক্ষেপণের ব্যর্থতা নিয়ে তদন্ত শুরু করবে দুটি পৃথক কমিটি। এর একটি কমিটি হবে ইসরোর অভ্যন্তরীণ ত্রুটি বিশ্লেষণ কমিটি, আর অন্যটি হবে সরকারের একটি বাহ্যিক তদন্ত কমিটি।

পিএসএলভি রকেটটিকে একটি অত্যন্ত নির্ভরযোগ্য উৎক্ষেপণ যান হিসেবে বিবেচনা করা হয় এবং এটি আগেও চন্দ্রযান ও মঙ্গলযান মিশনে ব্যবহৃত হয়েছিল। রকেটের সাথে ছিল ইওএস-৯ নামের একটি পর্যবেক্ষণ স্যাটেলাইট, যা মহাকাশ থেকে ছবি এবং তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠানোর জন্য ডিজাইন করা হয়েছিল। এই স্যাটেলাইটটি ৫০০ কিলোমিটার উপরে কক্ষপথে পৌঁছানোর পর কৃষি, বন, পানিসম্পদ বা নজরদারির মতো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারত।