বিশ্বব্যাংক সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে

অনলাইন ডেস্ক:

বিশ্বব্যাংক ১৪ বছর পর সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপটি সৌদি আরব এবং কাতার সিরিয়ার বকেয়া ঋণ পরিশোধ করার পর নেওয়া হয়েছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর, বিশ্বব্যাংক সিরিয়ার সাথে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়, যার ফলে দেশটি উন্নয়ন ঋণ, অনুদান এবং কারিগরি সহায়তা থেকে বঞ্চিত ছিল।

বিশ্বব্যাংক জানায়, এই সপ্তাহের শুরুতে সৌদি আরব ও কাতার মিলে ১৫.৫ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া ঋণ পরিশোধ করেছে। এর ফলে সিরিয়ার জন্য বিশ্বব্যাংকের কার্যক্রম পুনরায় চালু করার পথ সুগম হয়েছে।

বিশ্বব্যাংকের বিবৃতিতে আরও বলা হয়, “দীর্ঘ বছর ধরে চলা সংঘাতের পর সিরিয়া এখন পুনর্গঠন ও উন্নয়নের পথে রয়েছে। আমরা নতুন সিরীয় সরকারের সাথে প্রথম প্রকল্প হিসেবে বিদ্যুৎ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নিয়েছি।”

বিশ্বব্যাংক জানিয়েছে, এই প্রকল্পটি সিরিয়ার জরুরি চাহিদা মোকাবেলা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে বিনিয়োগ করতে সহায়ক হবে। এর মাধ্যমে সিরিয়া ও তার আশেপাশের অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দেন যে তিনি সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করছেন। এই পদক্ষেপ সিরিয়ার অর্থনীতি, আর্থিক খাত এবং অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করবে এবং দেশটিকে একটি সমৃদ্ধ ও স্থিতিশীল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

সূত্র: এএফপি