অনলাইন ডেস্ক:
এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে সুযোগ হাতছাড়া হওয়ার অন্যতম কারণ ছিল তাদের ফরোয়ার্ড আর্লিং হালান্ডের সিদ্ধান্ত। শনিবার রাতে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ ব্যবধানে হারতে হলেও সিটির কাছে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছিল যখন তারা ৩৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল। কিন্তু, সিটির স্ট্রাইকার হালান্ড শেষ মুহূর্তে নিজের হাতে বল নিয়ে পেনাল্টি না নিয়ে সেটি ওমর মারমুশকে দিয়ে দেন, যা শেষ পর্যন্ত খেলার মোড় ঘুরিয়ে দেয়।
হালান্ডের সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, কেন তিনি পেনাল্টি নিজে নেননি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি এই ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছেন। রুনি বলেন, “হালান্ড যখন সুযোগ হাতছাড়া করেন, তার মুখাবয়বে সেটা স্পষ্ট দেখা যায়। এমন বড় ম্যাচে পেনাল্টি নেওয়ার চিন্তা তার ওপর চাপ সৃষ্টি করতে পারে, কারণ সেও তো মানুষ। তবে, মেসি বা রোনালদোরা তাদের ক্যারিয়ারে কখনোই অন্য কাউকে বল দিয়ে দেন না।”
এ মৌসুমে হালান্ড ম্যানসিটির সর্বোচ্চ গোলদাতা হলেও, পেনাল্টি শুটিংয়ে কিছুটা দুর্বলতা দেখা গেছে। সাতটি পেনাল্টির মধ্যে তিনটিতে গোল করেছেন, যার মধ্যে ওয়েম্বলিতে খেলা তার শেষ ছয়টি ম্যাচে তিনি গোলের দেখা পাননি। রুনি আরও বলেন, “হালান্ডও বিশ^সেরা ফরোয়ার্ড, কিন্তু মেসি ও রোনালদোরা প্রতি ম্যাচেই গোল করার জন্য মরিয়া থাকে। এটি তাদের মধ্যে পার্থক্য।”
সিটির এই পরাজয়ে তাদের সমতায় ফেরার সুযোগ চলে যায় এবং ক্রিস্টাল প্যালেস ১-০ গোলের জয় নিয়ে তাদের প্রথম বড় শিরোপা জয় করে।











