নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহকর্মী আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীর হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিতই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি, এ বিষয়ে হাইকোর্টে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আসামিপক্ষের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এম কে রহমান ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।
এর আগে গত ২২ এপ্রিল হাইকোর্ট আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে জামিন দেন। কিন্তু রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে আবেদন করলে, ২৯ এপ্রিল আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ৫ মে পর্যন্ত জামিন স্থগিত করেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আজ আপিল বিভাগ সেই স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী সমর্থিত ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে ১১৫ জন হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর আদালত ২১ জনকে জামিন দেয়, বাকিদের মধ্যে ৬১ জনকে কারাগারে পাঠানো হয়।











