বিজিবি সদস্যদের প্রতি ‘চেইন অব কমান্ড’ অনুসরণের আহ্বান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস ২০২৪ উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক পদক প্রদান অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বিজিবির প্রতি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বিজিবি সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন।

উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ ২২৯ বছরের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানসহ বিজিবির পেশাদারিত্ব ও ভূমিকা প্রশংসনীয়।” তিনি বিজিবির সদস্যদের দেশপ্রেম, সততা এবং মনোবলের প্রতি গুরুত্বারোপ করে বলেন, “এ বাহিনীর সদস্যরা সীমান্ত রক্ষা ও চোরাচালান বন্ধে দৃঢ় ও নির্ভীক হতে হবে।”

মহান মুক্তিযুদ্ধের সময় বিজিবির (প্রাক্তন বিডিআর) সাহসী ভূমিকার কথাও স্মরণ করেন উপদেষ্টা। তিনি বলেন, “মুক্তিযুদ্ধে প্রায় ১২ হাজার বাঙালি বিজিবি সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যার মধ্যে ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৭ জন বীর প্রতীকসহ ৮১৭ জন শহিদ হন।” তিনি তাদের আত্মত্যাগ ও সাহসিকতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উপদেষ্টা আরও বলেন, “সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যদের সততা ও ‘চেইন অব কমান্ড’ অনুসরণ করার মাধ্যমে সুশৃঙ্খল বাহিনী গঠন সম্ভব।”

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. নাসিম আহমেদ।

অনুষ্ঠানে ৩২ জন বিজিবি সদস্যকে পদক প্রদান করা হয়, যার মধ্যে ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) দেওয়া হয়। সর্বমোট ৭২ জন বিজিবি সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

পরে উপদেষ্টা বিজিবি আয়োজিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।