নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন থানায় জুলাই মাসের অভ্যুত্থানের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টা মামলা সংক্রান্ত সাতজনের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। অভিযুক্তদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও রয়েছেন।
অপর আসামিদের মধ্যে আছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামী লীগ কর্মী মোক্তার হোসেন চোকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজন।
আজ তাদের কারাগার থেকে হাজির করা হলে, মামলার তদন্তকারী কর্মকর্তারা গ্রেফতার আবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ ওই আবেদন মঞ্জুর করে তাদের আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সালমান এফ রহমানকে গুলশান থানার দুইটি এবং মিরপুর থানার একটি মামলায়, আসাদুর রহমান কিরণকে উত্তরা পূর্ব থানার দুইটি মামলায়, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে মিরপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মোক্তার হোসেন, শাহে আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজনকে কাফরুল ও নিউমার্কেট থানার পৃথক তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।











