ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

লা লিগার ক্লাব হলে আমাকে বরখাস্ত করে দিতো: গার্দিওলা

প্রকাশিত: 13 June 2025, 9:01 pm আপডেট: 22 June 2025, 1:42 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ম্যানচেস্টার সিটির মতো সংকটে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের কোচ হলে তাকে অনেক আগেই বরখাস্ত করা হতো বলে মন্তব্য করেছেন গার্দিওলার। ২০২৪-২৫ মৌসুমে গার্দিওলার অধীনে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে ম্যানসিটি। টানা চারবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর এবার তারা তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে। চ্যাম্পিয়ন লিভারপুল থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে ছিল।

চ্যাম্পিয়নস লিগ ও কারাবাও কাপ থেকে আগেভাগেই ছিটকে যায় সিটি। আর এফএ কাপের ফাইনালে তারা হেরে যায় ক্রিস্টাল প্যালেসের কাছে। সিটির সবচেয়ে বাজে সময় ছিল অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। এ সময় তারা ১৩ ম্যাচের মধ্যে ৯টিতে হেরেছিল। তবুও গার্দিওলার প্রতি আস্থা রেখেছে ক্লাব এবং নভেম্বরেই তার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছে। গার্দিওলা মনে করেন, লা লিগার ক্লাবগুলো এতটা ধৈর্য ধরতো না। ডিএজেডএনকে গার্দিওলা বলেন, ‘আমরা যে মৌসুমটা কাটিয়েছি, যদি এটা স্পেনে হতো, তাহলে আমি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের আগেই চাকরি হারাতাম।

যদি এটা বার্সা বা মাদ্রিদ হতো, তাহলে তারা আমাকে বরখাস্ত করতো। কিন্তু এখানে (ম্যানসিটিতে) এটা কোনো প্রশ্নই ছিল না। আপনাকে একটু বেশি ধৈর্য ধরতে হয়।’ উদাহরণ হিসেবে কার্লো আনচেলত্তির ঘটনাও তুলে ধরেন গার্দিওলা। যিনি ট্রেবল জেতার এক বছরের মধ্যেই রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে যোগ দিয়েছেন। গার্দিওলা বলেন, ‘দেখুন কার্লো আনচেলত্তিকে। তিনি কয়েকদিন আগেই চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগা জিতেছেন। এখন ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছেন।’

লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর রিয়াল আনচেলত্তির পরিবর্তে সাবেক খেলোয়াড় জাবি আলোনসোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এদিকে আগামী মৌসুমের জন্য ম্যানসিটি গার্দিওলাকে সমর্থন দিয়ে ইতোমধ্যে তিন খেলোয়াড়- রায়ান আইত-নুরি, রায়ান চেরকি এবং তিজিয়ানি রেইজন্ডারসকে দলভুক্ত করেছে। বার্সা, রিয়াল এবং ম্যানসিটি সবাইই আজ শনিবার শুরু হতে যাওয়া ক্লাব বিশ^কাপে অংশ নেবে।

মন্তব্য করুন