নিজস্ব প্রতিবেদক :
নির্বাচনের মুখে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লন্ডনে অনুষ্ঠিত ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। বিএনপি এই বৈঠককে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করলেও, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, দেশের একটি রাজনৈতিক দল এতে অস্বস্তি প্রকাশ করছে।
বুধবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যপদ নবায়ন অনুষ্ঠানে ফখরুল বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে যখন সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছিল, তখন ড. ইউনূসের আমন্ত্রণে তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়, যা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ তৈরির গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি অভিযোগ করেন, “কিছু রাজনৈতিক শক্তি এই ঐক্য ও সমঝোতাকে মেনে নিতে পারছে না। তাদের জন্য লন্ডন বৈঠক পছন্দ হয়নি, এজন্য তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি।”
ফখরুল আরও বলেন, “নির্বাচনের আগমণের সঙ্গে তারা গুরুত্ব হারাবে, তাই তারা নির্বাচনের ব্যাপারে আপত্তি জানাচ্ছে।”
তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “যারা মানুষের অধিকার হরণ করে, চাঁদাবাজি করে, তারা আসলে আওয়ামী লীগ হয়ে যায়। বিএনপির আদেশ, ভালো মানুষদের সঙ্গে রাজনীতি করতে হবে।”
উল্লেখ্য, সাম্প্রতিককালে দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের পথে অন্তর্বর্তী সরকার গঠনের দাবি উঠেছে। সেই প্রেক্ষিতে লন্ডনে ড. ইউনূস ও তারেকের বৈঠক রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করেছে। বিএনপি মনে করে, বৈঠকের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের ভিত্তি গড়ে উঠবে।











