বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে মার্কিন কূটনীতিক

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। রবিবার (২২ জুন) সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই এক ঘণ্টাব্যাপী বৈঠক।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কনীতি, অর্থনৈতিক সম্পর্ক এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মির্জা ফখরুলসহ বিএনপির আরও আট নেতা চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে আজই বেইজিং সফরে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বৈঠকটি রাজনৈতিক কূটনীতির দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।