সচিবালয়ে অগ্নিকাণ্ড: ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (ডিসেম্বর ২৬) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপদেষ্টা বলেন, “এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও উৎস নির্ধারণ করে আগামী তিন দিনের মধ্যে সরকারকে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। যদিও প্রাথমিক প্রতিবেদন গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে না, তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের সময় সকল বিষয়ই জানানো হবে।”

তিনি আরও জানান, কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। এর সঙ্গে থাকবেন গৃহায়ন সচিব, পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েটের তিনজন বিশেষজ্ঞ – একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ও একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।