জেলা প্রতিনিধি :
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা আবাস সংকট ও অন্যান্য পাঁচ দফা দাবিতে বিক্ষোভ শুরু করেছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে কলেজের জিরো পয়েন্টে জড়ো হয়ে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে এসে ভবনটিতে তালা ঝুলিয়ে দেন। পরে বেলা ১১টার দিকে কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এর ফলে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সোয়া ১টা পর্যন্ত এই অবরোধ চলছিল।
শিক্ষার্থীরা জানিয়েছে, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও তাদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা নেই এবং বিদ্যমান আবাসনগুলোর অবস্থা বেহাল। বৃষ্টির সময় কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সমস্যা বিরাজ করছে। তাই তারা জলাবদ্ধতা নিরসন ও রাস্তার ড্রেন সংস্কারের দাবি করেছে।
এছাড়া শিক্ষার্থীরা মাঠ ভরাট, কলেজ অডিটোরিয়াম সংস্কার, বিভিন্ন বিভাগের সংস্কার এবং শিক্ষক সংকট সমাধান করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিও তুলেছে।
শিক্ষার্থীরা বলেছে, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।










