জেলা প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জ এলাকায় গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন শাকিল আহমদ (২০) নামে এক তরুণ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গী শাহাদাত হোসেন (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে শাকিল আহমদ ও শাহাদাত হোসেন কালিগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের পেছনে বসা শাকিল আহমদ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত শাহাদাত হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেটের রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি করেন।
নিহত শাকিল আহমদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি মোকাম মহল্লার জয়নাল আহমদের ছেলে। আহত শাহাদাত হোসেন একই এলাকার মো. সোহাগের ছেলে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, “মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”










