নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় একযোগে প্রকাশিত হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের ফলাফল পাওয়া যাবে:
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে , মোবাইল থেকে SMS পাঠিয়ে (শর্ট কোড: ১৬২২২)। শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকায় ফল প্রকাশ করা হবে না।
ফলাফলের পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত। আবেদন প্রক্রিয়া টেলিটক এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিস্তারিতভাবে জানানো হবে।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। এবার মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিতির হার কিছুটা কম ছিল।
শুধু প্রথম দিনই ২৬ হাজার ৯২৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি, যদিও তারা ফরম পূরণ করেছিল। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম ছিল।










