ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণের চেষ্টায় প্রতিবাদ জানাল আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রকাশের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত ‘উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে! ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ’ শীর্ষক প্রতিবেদনটি নিয়ে এ প্রতিবাদ জানানো হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) আইএসপিআর একটি প্রতিবাদলিপি পাঠিয়ে এই তথ্য জানায়। এতে বলা হয়েছে, প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাংলাদেশের সেনাবাহিনীর সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এটি প্রকাশিত হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে দৃঢ় অবস্থানে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময়, প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে।

এছাড়া, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের সেনানিবাসে প্রশিক্ষণ দিতে আসার কোনো পরিকল্পনা নেই বলেও আইএসপিআর জানায়। আনন্দবাজারের দাবি এই ধরনের তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং সম্পূর্ণ ভিত্তিহীন।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের কাছ থেকে তার প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে থাকে এবং এ ধরনের সংবেদনশীল বিষয়ে অজ্ঞতাপ্রসূত মন্তব্য করা অযাচিত, আপত্তিকর এবং অনুচিত।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর উল্লেখ করে, উল্লিখিত প্রতিবেদনটি প্রকাশের আগে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করা হয়নি, যা সাংবাদিকতার সঠিক নীতির পরিপন্থী। এটি প্রতিবেদনটির নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

আইএসপিআর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার জন্য সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে।