ওয়াকআউটের পর ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির যোগদান
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক থেকে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাহী বিভাগকে অতিরিক্তভাবে দুর্বল করার চেষ্টা চলছে, যা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতা সৃষ্টি করতে পারে।
সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিয়ে আলোচনার এক পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ ওয়াকআউটের ঘোষণা দেন।
বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের প্রক্রিয়া। কমিশনের প্রস্তাব অনুযায়ী এসব সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের জন্য একটি কমিটি গঠনের কথা বলা হয়। কিন্তু বিএনপির মতে, এ ধরনের কমিটি গঠন করলে নির্বাহী বিভাগের কার্যকারিতা ও সাংবিধানিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাহী বিভাগ জনগণের কাছে জবাবদিহি করবে, কিন্তু তার নিজস্ব কার্যকারিতা এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্তৃত্বও থাকা দরকার। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য কমিটির বদলে কঠোর আইন করলেই যথেষ্ট হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই না এমন কোনো ব্যবস্থা তৈরি হোক যার মাধ্যমে ভবিষ্যতে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এগিয়ে যাচ্ছে — এটাই গণতন্ত্রের রক্ষাকবচ।”
ওয়াকআউটের পরও বিএনপি ভবিষ্যতের আলোচনায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছে। সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা সাময়িক ওয়াকআউট করেছি। পরবর্তী আলোচনায় ফিরে গিয়ে আবারও আমাদের অবস্থান তুলে ধরার সুযোগ নিতে পারি।”
