নিজস্ব প্রতিবেদক:
ভয়াবহ অগ্নিকাণ্ডে সচিবালয়ের ৬ থেকে ৯ নম্বর ভবনের কক্ষ, নথিপত্র, সরঞ্জাম এবং আসবাবপত্র পুড়ে যাওয়ায়, বিভিন্ন মন্ত্রণালয় তাদের কার্যক্রম অস্থায়ী অফিসে শুরু করেছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) এই বিষয়ে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর একাধিক সূত্র তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস আব্দুল গনি রোডের রেলভবনে চলছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম চলছে জিরো পয়েন্টের জিপিও ভবনে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস স্থাপন করা হয়েছে ফুলবাড়ীয়ার দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম চলছে জাতীয় ক্রিয়া পরিষদ, পুরানা পল্টন বায়তুল মোকাররম গেট এলাকায়।
এছাড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস চলছে বিজয় নগরের শ্রম ভবনে এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অস্থায়ী অফিস পরিচালিত হচ্ছে ১১ নম্বর ভবনের অর্থ উপদেষ্টা দপ্তরে।
এ ঘটনার পর সচিবালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যক্রম ব্যাহত হলেও, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দ্রুত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।











