নিজস্ব প্রতিবেদক:
ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে এবং দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তরুণ-তরুণী, বয়স্ক উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বেলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখান থেকে সেরা উদ্যোক্তাদের নির্বাচন করা হবে এবং তারা চূড়ান্তভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করবেন। এদের সব ব্যয় সরকার বহন করবে।
বুধবার (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস আরও বলেন, “তরুণরা জাতির পথপ্রদর্শক। তারা শুধু আমাদের দেশ নয়, পৃথিবীকেও পথ দেখাবে। এক সময় এমন একটি দিন আসবে যখন আন্তর্জাতিক তরুণরা বাংলাদেশে আসবে এবং আমাদের তরুণদের কাছ থেকে শিক্ষা নিতে, বুদ্ধি নিতে, যৌথ উদ্যোগে কাজ করতে চাইবে।”
তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তরুণ উদ্যোক্তাদের জন্য একটি আলাদা অংশ থাকবে, যেখানে ২৫ বছরের নিচে বয়সী উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী কর্ম প্রদর্শন করতে পারবেন।











