তফসিল ঘোষণার আগেই পদত্যাগের ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন।

আসিফ মাহমুদ বলেন, “আমি নিজে পদত্যাগ করবো কারণ রাজনীতি করবো। তবে নির্বাচনে অংশ নেব কি না, সেটা এখনও চূড়ান্ত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সরকারের উচ্চপর্যায়।” তিনি আরও বলেন, যারা ভবিষ্যতে রাজনীতি করতে চান বা নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা রাখেন, তাদের জন্য তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করাটা এক ধরনের দায়িত্ববোধ।

তিনি জোর দিয়ে বলেন, “শুধু ছাত্র উপদেষ্টা নয়, রাষ্ট্রীয় যে কোনো পদে থাকা ব্যক্তির জন্য একই নীতিমালা প্রযোজ্য হওয়া উচিত। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়া থেকে রক্ষা পাবে।”

এক টকশোতে দেওয়া মন্তব্যে তিনি ব্যাখ্যা করেন, নির্বাচনকালীন সরকার বলতে তিনি শুধুমাত্র তফসিল ঘোষণার পরকার্যক্রমকেই বোঝান। “আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, আমরা একটি আদর্শ ও ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চাই। সেটি আমরা নিশ্চিত করতে চাই,” যোগ করেন আসিফ মাহমুদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদত্যাগের ফলে যে শূন্য পদ তৈরি হবে, তা পূরণের বিষয়টি সরকারের দায়িত্ব। তবে ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ ও অবস্থান স্পষ্ট করতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, এনসিপিতে (NCP) যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তার বক্তব্যে স্পষ্ট, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে বরং স্বচ্ছতার পথে এগিয়ে যাওয়াই সময়ের দাবি এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ।