খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দেশজুড়ে মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক:
সংগ্রাম, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ শুক্রবার (১৫ আগস্ট) তাঁর ৮১তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিএনপির কার্যালয় এবং বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, অন্যান্যবারের মতো এবারও কেক না কাটার নির্দেশনা রয়েছে।
দোয়া মাহফিলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হবে। পাশাপাশি রাজনৈতিক সহিংসতায় আহতদের দ্রুত আরোগ্যও প্রার্থনা করা হবে। কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সকাল ১১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদাতের পর রাজনীতিতে সক্রিয় হন তিনি। ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপার্সন নির্বাচিত হন এবং ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
তিনবার প্রধানমন্ত্রী থাকা ছাড়াও ১৯৯৩ সালে সার্কের প্রথম নারী চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন তিনি।
ওয়ান-ইলেভেনের রাজনৈতিক পটপরিবর্তনের সময় ২০০৭ সালে গ্রেফতার হন বেগম খালেদা জিয়া। এরপর ২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজা হয়, যেটিকে বিএনপি রাজনৈতিক প্রতিহিংসার ফল বলছে। ২০২০ সালে করোনা মহামারির সময়ে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও তাঁকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় সীমিত রাখা হয়।
২০২4 সালে কাতারের আমিরের সহায়তায় তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং দীর্ঘ চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
বর্তমানে লিভার সিরোসিস, হার্ট, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বিএনপি অভিযোগ করেছে, গত দেড় দশক ধরে তাঁর জন্মদিন ১৫ আগস্ট হওয়ায় আওয়ামী লীগ সরকার মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে, যার ফলে খালেদা জিয়াসহ নেতাকর্মীরা বহু মামলার মুখোমুখি হয়েছেন।
