নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন। বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে অ্যান্ড্রুজ বলেন, “রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের উদারতায় বিশ্ব কৃতজ্ঞ। আর এই সংকট আন্তর্জাতিক অঙ্গনে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আপনার নেতৃত্ব সত্যিই প্রশংসনীয়।”
তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রোহিঙ্গা ইস্যুতে যে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে, তার মূলে রয়েছেন অধ্যাপক ইউনূস।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জাতিসংঘের আসন্ন সম্মেলন রোহিঙ্গা সংকট নিরসনে একটি কার্যকর ও টেকসই সমাধানের পথ দেখাবে। একই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়ায় রোহিঙ্গাদের স্বাস্থ্য ও শিক্ষা খাতে মৌলিক সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে।
এসময় তিনি জাতিসংঘ দূতকে বলেন, আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখতে আপনাদের প্রচেষ্টা আরও জোরদার করতে হবে।
অ্যান্ড্রুজ বলেন, “বাংলাদেশ বিভিন্ন পক্ষকে একত্র করে গঠনমূলকভাবে কাজ করছে। তবে রাখাইন রাজ্যে শরণার্থীদের প্রত্যাবর্তনের জন্য পরিবেশ তৈরিতে জাতিসংঘ মহাসচিবের মানবিক উদ্যোগটি বিদ্বেষমূলক প্রচারণায় ব্যাহত হয়েছে, যা হতাশাজনক।”
তবে সব পক্ষের ধারাবাহিক প্রচেষ্টায় একটি টেকসই সমাধান সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি এ প্রক্রিয়ায় বাংলাদেশের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বিশেষ দূত টম অ্যান্ড্রুজ ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত স্টেকহোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশে এসেছেন। ওই সংলাপের উদ্বোধন করবেন অধ্যাপক ইউনূস।










