ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নিউইয়র্কে কনস্যুলেট ভবনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

প্রকাশিত: 26 August 2025, 12:51 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিসে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম-এর ওপর হামলার চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা। এ সময় তারা কনস্যুলেট ভবনের কাচের দরজা ভেঙে ফেললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনাটি ঘটে নিউইয়র্ক সময় রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায়, যেখানে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

উপদেষ্টা কনস্যুলেট অফিসে প্রবেশের সময় আওয়ামী লীগ সমর্থকরা স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছালে তারা কনস্যুলেট ভবনের দরজা ভাঙচুর করেন। পরে নিউইয়র্ক পুলিশ এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমাদের লক্ষ্য, যে-ই ক্ষমতায় আসুক, সে যেন ‘জুলাই চেতনা’ ধারণ করে দেশ পরিচালনা করে। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন আমরা দেখছি।”

তিনি আরও জানান, “জুলাই সনদে প্রবাসীদের অবদান স্বীকৃত হবে।”

প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভারতীয় টেলিভিশন বন্ধের প্রস্তাবের প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ বলেন, “আমি কিছু বন্ধ করার পক্ষে না। বরং বিকল্প ভালো কিছু তৈরি করাই উত্তম।”

অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি থেকে আগত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, “আপনারা রাজতন্ত্রের পতন ঘটিয়েছেন, এখন যদি কেউ প্রতিক্রিয়া দেখায়, সেটাও রাজনৈতিক বাস্তবতা।”

অনুষ্ঠান শেষে রাত ১২টার পর নিউইয়র্ক পুলিশের নিরাপত্তায় উপদেষ্টা মাহফুজ কনস্যুলেট ভবন ত্যাগ করেন। তিনি সরকারি সফরে ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।

মন্তব্য করুন