টোটালগ্যাস কিনে নিচ্ছে ওমেরা পেট্রোলিয়াম
অনলাইন ডেস্ক:
এলপিজির ব্যবসা করা ফরাসি কোম্পানি টোটালগ্যাসকে কিনে নিচ্ছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। যৌথ উদ্যোগে গঠিত প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেড এতদিন টোটালগ্যাসের ব্যানারে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছিল। ব্যবসায়ীরা বলছেন, এই একীভূতকরণের ফলে বাংলাদেশের এলপিজি খাতে ওমেরার বাজার অংশীদারত্ব আরও বাড়বে এবং তাদের অবস্থান মজবুত হবে। টোটালগ্যাস ২০০২ সালে বাংলাদেশে তাদের ব্যবসা শুরু করে। দেশের শীর্ষ তিন এলপিজি আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানের মধ্যে দ্রুতই জায়গা করে নেয় টোটাল-গ্যাস।
তবে কোম্পানিটি বাজার ব্যবস্থাপনায় তেমন ভালো করতে পারেনি। এতে দিন দিন প্রভাব হারাতে থাকে টোটাল-গ্যাস। এরই মধ্যে উভয় কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে টোটালগ্যাসের শতভাগ শেয়ার কেনা বেচা নিয়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে, টোটালগ্যাসের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার কিনে নেবে ওমেরা। এ জন্য সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২২৭ কোটি টাকা। বিষয়টি এখন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এদিকে, শেয়ার কেনার ঘোষণায় ওমেরার মূল কোম্পানি এমজেএলবিডির শেয়ারের দামে তেমন প্রভাব পড়েনি।
