তছনছ-এ প্রথমবার দ্বৈত চরিত্রে ববি

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি অস্ট্রেলিয়ায় প্রায় তিন মাসের অবসর শেষে দেশে ফিরেই নেমেছেন নতুন মিশনে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘তছনছ’ নামের একটি সিনেমার শুটিংয়ে। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিতে ববিকে দেখা যাবে দ্বৈত চরিত্রে—একজন সহজ-সরল তরুণী এবং অপরজন প্রতিবাদী। ক্যারিয়ারে প্রথমবার এমন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত ববি জানিয়েছেন, চিত্রনাট্য পড়ে যথাযথ প্রস্তুতি নিয়েই তিনি কাজে যোগ দিয়েছেন।

অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন অবস্থান করায় ভক্তদের মনে প্রশ্ন উঠেছিল—তিনি কি স্থায়ীভাবে সেখানেই থেকে যাবেন? তবে সে জল্পনা উড়িয়ে ববি স্পষ্টভাবে জানিয়েছেন, “পরিবার চাইলেও আমার কখনো দেশের বাইরে স্থায়ী হওয়ার ইচ্ছে হয়নি। আমার মন সবসময় দেশে পড়ে থাকে।”

দেশে ফিরেই শুধু সিনেমা নয়, বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের প্রস্তাবও পেয়েছেন তিনি। বর্তমানে ববির হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে নির্মাতা সৈকত নাসিরের সঙ্গে একটি ছবির বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে, এছাড়া আরও দুটি ছবির ব্যাপারেও কথাবার্তা এগোচ্ছে। হাতে রয়েছে ‘দিওয়ানা’ নামের আরেকটি সিনেমার প্রজেক্টও।

অস্ট্রেলিয়া যাওয়ার আগে তিনি শেষ করেছিলেন কে এ নিলয় পরিচালিত ‘বউ’ এবং অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ ছবির কাজ। মুক্তির অপেক্ষায় থাকা এ দুটি সিনেমার গল্প ও চরিত্র নিয়ে আশাবাদী ববি। তিনি বলেন, “শিল্পীরা কাজ শেষ করে সবসময় মুক্তির অপেক্ষায় থাকেন। আমার বিশ্বাস, মুক্তি পেলে দর্শকরা ছবিগুলো পছন্দ করবেন।”