নিজস্ব প্রতিবেদক:
গত তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এসেছে। বাংলাদেশ ব্যাংকের (বিবি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ১৪০ কোটি মার্কিন ডলার। এ সময়ে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে অন্য কোনো দেশ থেকে এত বেশি অর্থ বাংলাদেশে আসেনি।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এ দেশটি থেকে ৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। রেমিট্যান্স প্রবাহে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে যুক্তরাষ্ট্র থেকে ২৯ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সেপ্টেম্বরে তা ৩৪ শতাংশ বেড়ে ৩৯ কোটি ডলারে পৌঁছায়। অক্টোবরে এসেছে ৫০ কোটি ডলার, যা সেপ্টেম্বারের তুলনায় ২৮ শতাংশ বেশি। নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৫১ কোটি ১৯ লাখ ডলার।
গত ৫ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩০০ কোটি ডলার এবং রপ্তানি আয় বেড়েছে ২৫০ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ১১ জানুয়ারি এক বক্তব্যে জানান, “বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও চার মাসের চাহিদা পূরণ করতে সক্ষম। তবে সতর্ক থাকতে হবে।” তিনি আরও বলেন, “টাকা-পাচার রোধ এবং ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনার ফলে অর্থনীতি স্থিতিশীল রয়েছে।”
গভর্নর আরও উল্লেখ করেন, প্রবাসীদের মধ্যে রাজনৈতিক বিভাজন সংকট তৈরি করছে। তিনি বলেন, “সবাইকে দেশের পক্ষে লবিং করতে হবে। অন্যথায় আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়ানো কঠিন হবে।”
ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে, যা বছরে সরকারের ৭ হাজার কোটি টাকা ব্যয়। তবে এর ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।











